শিক্ষাঙ্গনে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিকুন নাহার সনি
সাবিকুন নাহার সনি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার ছিল তাঁর একাদশতম মৃত্যুবার্ষিকী।২০০২ সালের ৮ জুন দরপত্র নিয়ে বুয়েট ছাত্রদলের মুকি এবং এসএম হল ছাত্রদলের টগর গ্রুপের বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে পড়ে নিহত হন কেমিকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের ছাত্রী সাবেকুন নাহার সনি।দিবসটি উপলক্ষে সকালে বুয়েটের আহসান উল্লাহ হলসংলগ্ন সনির স্মৃতিফলকে তাঁর পরিবারের সদস্য, বাংলাদেশ নাগরিক সমাজ, বুয়েট ছাত্রলীগ, বুয়েট শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণফোরাম এবং সনি মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে একই স্থানে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বুয়েটের একমাত্র ছাত্রীহলের নামকরণ সনির নামে করা এবং ৮ জুনকে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের দাবি জানানো হয়। বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ শীর্ষক স্মরণসভায় বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল্লাহ, আইনজীবী সারা হোসেন, পুরকৌশল অনুষদের সাবেক ডিন এ কে এম কাদের প্রমুখ বক্তব্য দেন।
স্মরণসভায় সনির বাবা হাবিবুর রহমান বলেন, ‘অকালে আর কারো মেয়েকে যাতে এভাবে চলে যেতে না হয়।’ অভিভাবকদের সচেতন হয়ে এ আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান তিনি।