শিক্ষাছুটি নিয়ে প্রতারণা আ.লীগ কর্মীর দাপট
রাজশাহীর বাগমারার এক মাদ্রাসা শিক্ষক বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি লাভের জন্য প্রতিষ্ঠান থেকে তিন বছরের শিক্ষাছুটি নিয়ে এলাকায় অবস্থান করছেন। বেতন-ভাতাও গ্রহণ করছেন নিয়মিত। এ বিষয়ে আপত্তি করায় প্রতিষ্ঠানের প্রধানকে সরিয়ে তাঁকেই ভারপ্রাপ্ত প্রধানের পদে বসানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাইধারা দাখিল মাদ্রাসার বাংলা বিষয়ের শিক্ষক ও আওয়ামী লীগের কর্মী আবুল কালাম আজাদ মালয়েশিয়ায় ইংরেজি বিষয়ে পিএইচডি ডিগ্রি গ্রহণের কথা বলে ২০১০ সালের নভেম্বরে তিন বছরের শিক্ষাছুটি নেন। মাদ্রাসার পরিচালনা কমিটি শর্তানুয়ায়ী তিন বছরের ছুটি মঞ্জুর করে। সে অনুযায়ী প্রথম বছর পুরো, দ্বিতীয় বছরে আংশিক বেতন পাবেন। শেষের বছর কোনো বেতন পাবেন না।মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য শিক্ষাছুটির বিধান না থাকলেও মাদ্রাসা কমিটির সভাপতি একই দলের সমর্থক আকবর হোসেন এই সুবিধা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ সমর্থন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান।খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম আজাদ ছুটি নেওয়ার পর থেকে এলাকায় অবস্থান ও প্রতিষ্ঠানে না গিয়েও বেতন-ভাতা গ্রহণ করছেন। স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন জানান, আবুল কালাম আজাদ এলাকায় থেকে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। কয়েকজন শিক্ষক বলেন, বাংলা বিষয়ের শিক্ষক হওয়ার পরও ইংরেজি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভের জন্য বিদেশ যাওয়ার বিষয়টি হাস্যকর। স্থানীয় আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বলেন, আবুল কালাম আজাদ দলের কোনো পদে নেই। তবে একজন কর্মী। দলীয় অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। তবে আবুল কালাম আজাদ দাবি করেন, ‘আমি বিদেশে গিয়ে ফিরে এসেছি।’ কোন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন জানতে চাইলে কিছুক্ষণ কোনো কথা না বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন তিনি। এর আগে দেশে থেকে বেতন-ভাতা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।মাদ্রাসা সূত্রে জানা যায়, শর্তানুযায়ী আবুল কালাম আজাদকে প্রথম এক বছর পুরো বেতন দেওয়া হয়। পরের বছরের তিন মাস পর্যন্ত অর্ধেক বেতন দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠান প্রধানের কাছে পুরো বেতন দাবি করেন। প্রতিষ্ঠান প্রধান মাকছুদুর রহমান অভিযোগ করেন, এতে আপত্তি জানালে তাঁকে বরখাস্তের হুমকি দেওয়া হয়েছে। এরপর তাঁকে কারণ দর্শনোর নোটিশও দেওয়া হয়েছে।তবে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আকবর হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, অনিয়মের কারণে সুপার মাকছুদুর রহমানকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জবাব না পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করে আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। আবুল কালাম আজাদের বিষয়ে তিনি বলেন, দুর্ভাগ্যবশত তিনি বিদেশ যেতে পারেননি। ছুটিতে থাকা অবস্থায় ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, কেউ ওই পদের দায়িত্ব নিতে সমঞ্চত না হওয়ায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, তিনি বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে দেখবেন।