শিক্ষাছুটির নীতিমালা সংশোধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাছুটির প্রচলিত নীতিমালা সংশোধনের দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই এ দাবি তুলে বলেন, শিক্ষাছুটির প্রবণতা বাড়ায় বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো বিভাগের অর্ধেক শিক্ষক ছুটিতে চলে গেছেন। ফলে ওই সব বিভাগের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও সিনেট সদস্য অধ্যাপক গোলাম কিবরিয়া ভুঁইয়া বলেন, ‘বর্তমান নিয়মে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পরই যেকোনো শিক্ষক শিক্ষাছুটিতে চলে যেতে পারেন। যোগদানের অন্তত এক-দুই বছরের মধ্যে কোনো শিক্ষক যাতে শিক্ষাছুটি না পান, এ জন্য প্রচলিত নিয়ম সংশোধন করা উচিত।’প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩৬ বিভাগ ও দুটি ইনস্টিটিউটের অধীনে বর্তমানে ৭০৩ জন শিক্ষক আছেন। বর্তমানে শিক্ষাছুটিতে আছেন ১২৭ জন। তাঁদের মধ্যে ৯০ জন শিক্ষক উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে আছেন। ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল ও পিএইচডিতে গবেষণা করছেন ২২ জন এবং ১৫ জন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আছেন।জানা গেছে, সবচেয়ে বেশি শিক্ষক ছুটিতে আছেন সমাজবিজ্ঞান অনুষদে। এ অনুষদের সাতটি বিভাগের ৩০ জন শিক্ষক ছুটিতে। বিজ্ঞান অনুষদের ছয় বিভাগের ২৭ জন, ব্যবসা প্রশাসনের চার বিভাগের ২৩, জীববিজ্ঞান অনুষদের আট বিভাগের ২১, কলা অনুষদের ১০ বিভাগে ৯, আইন অনুষদের ৩ এবং দুই ইনস্টিটিউটে ১৩ শিক্ষক ছুটিতে আছেন। ব্যবসা প্রশাসন অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৪ শিক্ষকের মধ্যে ১৩ জনই ছুটিতে। বর্তমানে বিভাগটিতে দেড় বছরের সেশনজট রয়েছে। একই অবস্থা বিজ্ঞান অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। এ বিভাগে শিক্ষক আছেন ১৬ জন। এর মধ্যে বর্তমানে ছুটিতে আছেন সাতজন। সম্প্রতি ছুটির জন্য আবেদন করেছেন আরও তিন শিক্ষক। এ বিভাগে এক বছরের সেশনজট। বিভাগের সভাপতি অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, ‘উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে গেলে এতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা লাভবান হন। তবে গণহারে শিক্ষাছুটি অনেক সময় বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। জীববিজ্ঞান অনুষদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সাত শিক্ষকের মধ্যে তিনজনই শিক্ষাছুটিতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পরপরই শিক্ষাছুটি নেওয়া কোনোভাবেই কাম্য নয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হন। এ জন্য শিক্ষাছুটির নীতিমালা সংশোধনের সময় এসেছে।’