কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, শিক্ষাজগতের মধ্যেই বেঁচে থাকবেন শিক্ষাবিদ মোজাহারুল ইসলাম। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাঁর উপার্জিত অর্থে খুলনা বিশ্ববিদ্যালয়ে শার্লী ইসলাম গ্রন্থাগার স্থাপন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দেওয়াসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে মোজাহারুল ইসলামের অবদানের কথা তুলে ধরেন তিনি।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক মোজাহারুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মারক বক্তৃতায় হাসান আজিজুল হক এ কথা বলেন। মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশন এবং খুলনা সাহিত্য পরিষদের উদ্যোগে গত শুক্রবার খুলনার উমেশ চন্দ্র গণগ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাসান আজিজুল হক বলেন, দেশের পাবলিক পরীক্ষায় এখন পাসের হার বাড়ছে, সরকার এটা নিয়ে খুশি। কিন্তু আদতে শিক্ষার মান কমছে। দেশের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তা না হলে মোজাহারুল ইসলামের মতো বিশ্ব নাগরিক তৈরি হবে না।
এতে ‘শিশুসাহিত্যে স্বদেশ ভাবনা’ শীর্ষক মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতায় শিশুসাহিত্যিক আলী ইমাম বলেন, শিশুসাহিত্যের মধ্য দিয়েই শিশুদের মধ্যে স্বদেশপ্রেম জাগ্রত হয়। দেশের ফুল, পাখি, প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানার প্রক্রিয়ায় শিশুর মধ্যে দেশপ্রেম গড়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিজ রিজওনাল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হাজরা আওয়াল। আরও বক্তব্য দেন মোজাহারুল ইসলামের ভাই এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান ও খুলনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন আইনজীবী আবদুল্লাহ হোসেন।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন স্কুলের দশম শ্রেণির ১২ জন মেধাবী, সম্ভাবনাময় ও অপেক্ষাকৃত অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।