শিক্ষাজীবন থেকে এক বছর খোয়া
কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও ছাত্রলীগের এক নেতার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ডিগ্রি (পাস) পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধা সরকারি কলেজের ৩৭ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে পরীক্ষাবঞ্চিত শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে তাঁরা আগামী দিনের পরীক্ষাগুলো যাতে দিতে পারেন, সে জন্য কলেজ কর্তৃপক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী তানজিনা পারভীন ও আফজানুল হক অভিযোগ করেন, ‘ফরম পূরণের কথা বলে ছাত্রলীগ গাইবান্ধা সরকারি কলেজ শাখার নেতা রাহাত মাহমুদ ওরফে রনি আমাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা বুঝে নেন। তাঁর কথামতো যথাসময়ে ফরম পূরণ করি। তিনি পূরণ করা ফরম কলেজ কার্যালয়ে জমা দিয়েছেন বলে আমাদের নিশ্চিত করেন। পরীক্ষা ঘনিয়ে আসায় প্রবেশপত্র নেওয়ার জন্য ১৮ অক্টোবর আমাদের কলেজে আসতে বলা হয়। কিন্তু ওই দিন কলেজ কার্যালয়ে এসে জানতে পারি, আমাদের প্রবেশপত্র আসেনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে অধ্যক্ষকে জানানো হলে তিনি বলেন, এই মুহূর্তে আমার করণীয় কিছু নেই।’ ছাত্রলীগের নেতা রাহাত মাহমুদ বলেন, ‘ওই সব শিক্ষার্থীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষার ফি নিয়ে অধ্যক্ষের কাছে জমা দিয়েছি। কিন্তু তাঁদের পূরণ করা ফরম কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়নি। তাই এই দায় অধ্যক্ষকে বহন করতে হবে।’ কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ওই নেতার কাছ থেকে কাগজপত্র ও পরীক্ষার ফি পাওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা নিয়মানুযায়ী কলেজ কার্যালয়ে এসে ফরম পূরণ করেনি এবং ব্যাংকে পরীক্ষার ফি জমা দেয়নি। তাদের নিজেদের কারণে এ ঘটনা ঘটেছে। এ জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী নয়।’ এবার ডিগ্রি পরীক্ষায় গাইবান্ধা সরকারি কলেজ থেকে মোট এক হাজার ২০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।