শিক্ষাজীবন নষ্ট করার প্রতিবাদ শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এফ ইউনিটে ভর্তি বাতিলের প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন ওই ইউনিট থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। ছবিটি গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে তোলা l ছবি: প্রথম আলো
ইসলামী বিশ্ববিদ্যালয়ে এফ ইউনিটে ভর্তি বাতিলের প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন ওই ইউনিট থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা। ছবিটি গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে তোলা l ছবি: প্রথম আলো

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘এফ’ ইউনিটের বাতিল করা ভর্তি পরীক্ষা ১৬ মার্চ আবার অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভর্তি বাতিলের প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন ওই ইউনিট থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা।
গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টার কার্যালয়ে ডাকা হয়। সেখানে প্রক্টর মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা আনোয়ারুল হক তাঁদের সঙ্গে কথা বলেন। প্রক্টর বলেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে ভর্তি বাতিল করে দেশে নজির সৃষ্টি করেছে প্রশাসন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ভর্তি বাতিল করে নজির সৃষ্টি যেমন হয়েছে, তেমনি ১০০ শিক্ষার্থী জীবন দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে নজির সৃষ্টি করবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বেশির ভাগ শিক্ষার্থীই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। কেউ আবার অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে এখানে ভর্তি হয়েছেন। প্রায় তিন মাস পর ভর্তি বাতিলে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
সামছুন্নাহার নামের এক ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থীই নিশ্চিত করে বলতে পারবেন না তিনি আবার পরীক্ষা দিলে ভর্তির সুযোগ পাবেন।
মল্লিকা আক্তার বলেন, ‘যাঁরা দুর্নীতির মাধ্যমে ভর্তি হয়েছেন, তাঁদের জন্য আমরা যাঁরা নির্দোষ তাঁরা কেন সাজা ভোগ করব? আমাদের প্রতি প্রশাসন অবিচার করছে।’
জাফর ইকবাল বলেন, ‘পুনরায় পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ না পেলে আর কোথাও ভর্তি হতে পারব না। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার দিকে যাচ্ছে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৬ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এফ ইউনিটে মোট আসন ১০০টি। বাতিল হওয়া ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ২ হাজার ৯০০। নতুন করে কোনো আবেদন নেওয়া হবে না। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, পত্রিকায় বিজ্ঞপ্তি ও টেলিটক মোবাইলের মাধ্যমে জানানো হবে।
উপাচার্য হারুণ-উর-রশীদ আসকারী বলেন, ‘ভর্তি হওয়ার পরই প্রশ্নপত্র ফাঁসের তথ্য আমাদের কাছে আসে। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়। পুরো প্রক্রিয়ায় হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু এ কারণে একটা অপরাধ হয়েছে জেনেও তা পাশ কাটাব না।’