শিক্ষাজীবনে ফিরে আসা শিশুদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলুন, রঙিন কাগজ, আলপনা দিয়ে সাজানো হয়েছে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল। আয়োজন দেখে মনে হয়েছে জন্মদিনের অনুষ্ঠান। আসলে তা নয়। মূলত ঝুঁকিপূর্ণ পেশা ছেড়ে শিক্ষাজীবনে ফিরে আসা ৯৩ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয়েছিল ব্যতিক্রমধর্মী ‘শিশু মিলনমেলা’।গত বৃহস্পতিবার বিকেল চারটায় ওই মেলার আয়োজন করা হয়। বরিশাল শিশু অধিকার রক্ষা কমিটি এবং বেসরকারি সংস্থা আভাস ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এ মেলার আয়োজন করে। আয়োজকেরা জানান, একসময় ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ছিল এসব শিশু। বরিশালের ৯৩ ব্যক্তি এই শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে আর্থিক সহায়তা করে যাচ্ছেন। শিশু অধিকার রক্ষা কমিটি শুধু তাদের মধ্যে সংযোগ স্থাপনের কাজটি করেছে। আর বেসরকারি সংস্থা আভাস পাশে থেকে সহযোগিতা দিচ্ছে। এই ৯৩ জনের মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে এবং একজন ব্রজমোহন কলেজে স্নাতক (সম্মান) কোর্সে লেখাপড়া করেন। বাকিরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে।মেডিকেল কলেজের ছাত্রী আবিদা আলী জানান, একসময় তিনি বিড়ি তৈরির কারখানায় কাজ করতেন। অর্থাভাবে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। পরে শিশু অধিকার রক্ষা কমিটির সহায়তায় শিক্ষাজীবনে ফিরে আসা সম্ভব হয়েছে। যাঁরা তাঁকে সহায়তা দিচ্ছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবিদা বলেন, ‘আমি অবশ্যই প্রতিষ্ঠিত হব। একদিন আমিও সমাজের অবহেলিত মানুষকে সেবা করব।’শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দের সভাপতিত্বে মিলনমেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক শহীদুল আলম, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউনিসেফের বরিশাল অঞ্চলের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।