পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ যথাসময়ে টাকা জমা না দেওয়ায় ডিগ্রি প্রথম বর্ষের শতাধিক শিক্ষার্থীর নিবন্ধন হয়নি। ফলে এ বছর তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারছেন না। মিছিল সমাবেশ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ধরনা দিয়েও কোনো ফল মেলেনি।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহ্বায়কের অবহেলার কারণে ওই শিক্ষার্থীদের নিবন্ধন হয়নি। ওই শিক্ষকেরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না তিনি। অধ্যক্ষ বলেন, ‘আমি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা বিলম্বে নিবন্ধন করতে রাজি হয়নি। বিষয়টি উপাচার্য মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। নিবন্ধন করা না গেলে শিক্ষার্থীদের আগামী বছর নতুন করে ভর্তি হতে হবে। সে ক্ষেত্রে ওই শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হবেন।’
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সাফা ডিগ্রি কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) প্রথম বর্ষে ১০২ জন শিক্ষার্থী ভর্তি হন। ভর্তির সময় তাঁরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণজিৎ চন্দ্র মিস্ত্রী ও ভর্তি কমিটির আহ্বায়ক শিক্ষক বাদশা মিয়ার কাছে নিবন্ধন ও অন্যান্য খরচ বাবদ জনপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা জমা দেন। নিবন্ধনের জন্য নির্ধারিত প্রত্যেক শিক্ষার্থী বাবদ ৪৮৫ টাকা ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জমা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ওই শিক্ষকেরা তা করেননি। ফলে গত ১৫ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হলেও শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারেননি। ২০ ডিসেম্বর নিবন্ধনের সময় শেষ হয়ে যায়।
ভর্তি কমিটির আহ্বায়ক শিক্ষক মো. বাদশা মিয়া বলেন, ‘আমি ওই সময় কলেজের কাজে ব্যস্ত থাকায় নিবন্ধনের ব্যাপারে খোঁজখবর রাখতে পারিনি।’ তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণজিৎ চন্দ্র মিস্ত্রীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। বর্তমান অধ্যক্ষ বলেন, রণজিৎ চন্দ্র ৯ ডিসেম্বর থেকে অনুপস্থিত। মাঝে দু-এক দিন এলেও তিনি হাজিরা খাতায় সই দিয়ে চলে গেছেন।
কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে। তবে তারা কলেজের অধ্যক্ষকে গাফিলতির বিষয়ে লিখিত জবাব দিতে বলে। অধ্যক্ষ লিখিত জবাব দেন। এরপর সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে পাঠানো হয়। কিন্তু ফরম পূরণের সময় শেষ হয়ে গেলেও কোনো নির্দেশনা আসেনি।
শিক্ষার্থী রবিউল ইসলাম, মো. রাসেল ও পিংকি রানী অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষ নিবন্ধনের টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জমা দেয়নি, এটা তাদের গাফিলতি। কিন্তু তার বলি হতে হলো শিক্ষার্থীদের। তাঁদের শিক্ষাজীবন থেকে একটি বছর ঝরে যাচ্ছে। শিক্ষার্থীরা এ বিষয়ে নিয়মিত মিছিল সমাবেশ করলেও কোনো ফল আসছে না।
এ ব্যাপারে কথা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।