শিক্ষাজীবনের শুরুতেই হোক বিতর্কচর্চা

যুক্তিতর্কের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো ‘প্রথম আলো-আরডিএস’ পঞ্চম জাতীয় বিতর্ক উৎসব-২০১৪। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেছেন, বিতর্কের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পারে। তাই শিক্ষাজীবনের শুরুতেই বিতর্কচর্চা শুরু করতে হবে৷
‘ইতিহাস সৃষ্টির অন্বেষায়’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ উৎসব শুরু হয়েছিল। এতে ১৪টি শিশু দল, ৩২টি স্কুল ও ২৪টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল৷
চূড়ান্ত পর্বে বিতর্কে ধারালো যুক্তি দিয়ে শিশু পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অনিক সাহা, রূপজিত পোদ্দার ও ইসতিক আহমেদ। রানারআপ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাদাদ আল মেহেদী, মোহাম্মদ আবিদুর রহমান ও ফাতিন ইশরাক।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শাওন চৌধুরী, আসিফ সাঈদ ও সেজান মাহমুদ। এই পর্বে রানারআপ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সুপান্থ দে, রিজওয়ান আমির, আহনাফ তানজিদ।
কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজের ফারহান সাকিব, আল রাফি ও উদয় সিকদার এবং রানারআপ হয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অমিত প্রামাণিক, সৈয়দ মুক্তাদির ও সাইয়ান সাদিক।
ইংরেজি বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাজিফা রাইদা, দ্বিতীয় হয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের জায়েদ তুরান খান ও তৃতীয় হয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাইয়ান সাদিক।
রেমিয়ান্স ডিবেটিং সোসাইটি (আরডিএস) আয়োজিত এই উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ৷
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক বিজয়ী বিতার্কিকদের মধ্যে পুরস্কার তুলে দেন৷ তিনি বলেন, বর্তমান প্রজন্মকে যুক্তিনির্ভর ও সত্যনিষ্ঠভাবে গড়ে তুলতে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব অনেক। বিতর্কের মাধ্যমেই দেশ ও জাতির সমস্যার সমাধান করা সম্ভব। তাই শিক্ষাজীবনের শুরুতেই বিতর্কচর্চা শুরু করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বিতর্ক প্রতিযোগিতার মতো সব সৃজনশীল কাজে সহযোগিতা করে যাবে প্রথম আলো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী বলেন, বিতর্কচর্চা শিক্ষার পরিপূরক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিতর্কের প্রয়োজনীয়তা অপরিসীম।