শিক্ষানবিশ চিকিত্সকদের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা রোগীদের ভোগান্তির কথা বিবেচনা করে আজ রোববার সকালে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছেন।
কয়েকজন শিক্ষানবিশ চিকিত্সককে লাঞ্ছিত করার অভিযোগে হাসপাতালের শিক্ষানবিশ চিকিত্সকেরা গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন।
আন্দোলনকারী শিক্ষানবিশ চিকিত্সকেরা জানিয়েছেন, রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে তাঁরা তাঁদের কর্মসূচি আজ সকালে স্থগিত করছেন। তবে তাঁরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন। দাবি পূরণ না হলে তাঁরা আবারও কর্মসূচি দেবেন।

শিক্ষানবিশ চিকিত্সকেরা জানান, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের স্টাফ ক্যানটিনে নাশতা করতে যান কয়েকজন শিক্ষানবিশ চিকিত্সক। এ সময় ক্যানটিন পরিচালনাকারী মো. সবুজ তাঁদের লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে গতকাল থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়। একই সঙ্গে তাঁরা ওই ঘটনায় জড়িত মো. সবুজের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবিতে অধ্যক্ষ ও পরিচালকের কাছে দরখাস্ত দিয়েছেন।
মো. সবুজ চিকিত্সকদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন।
হাসপাতালের পরিচালক মো. কামরুল হাসান জানান, ঘটনার পর শিক্ষানবিশ চিকিত্সকেরা একটি দরখাস্ত দিয়েছেন। একটি তদন্ত কমিটি করা হয়েছে। আজ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।