শিক্ষানবিশ চিকিৎসক-কর্মচারী সংঘর্ষে আহত ১৫, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের পর হাসপাতাল ছাড়েন আতঙ্কিত এক রোগী  ছবি: প্রথম আলো
শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের পর হাসপাতাল ছাড়েন আতঙ্কিত এক রোগী ছবি: প্রথম আলো

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে গতকাল শনিবার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত ও কর্মচারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকেরা। আজ রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা। এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগে এ সংঘর্ষ হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকেরা জানান, পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত হাসপাতালের পুরোনো ভবনের চতুর্থ তলায় এক নারী চিকিৎসকের কক্ষে গত বৃহস্পতিবার ভোরে (ওই কক্ষে নারী শিক্ষানবিশ চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রয়েছে) অনুমতি না নিয়েই প্রবেশ করেন চতুর্থ শ্রেণীর কর্মচারী (ওয়ার্ডবয়) মো. জামিল। ওই ঘটনার পর জামিলের বিচারের দাবিতে ওই দিনই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন চিকিৎসকেরা। পরে অভিযোগ জমা দিয়ে ফেরার পথে পরিচালকের কক্ষের সামনে চিকিৎসকদের ওপর হামলা চালান কর্মচারীরা। এতে শাকিল আহমেদ, মুনতাসিরসহ ছয় চিকিৎসক আহত হন।
ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে হাসপাতালের সামনে ‘ইন্টার্ন চিকিৎসকবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করেন চিকিৎসকেরা। এ সময় আবার তাঁদের ওপর হামলা চালান কর্মচারীরা। পরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে কর্মচারীরা পালিয়ে গেলে হাসপাতালের প্রশাসনিক দপ্তর, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ, জরুরি বিভাগ এবং হাসপাতালের পুরোনো ও নতুন ভবনের মধ্যকার সংযোগ সেতুর কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে বেলা দেড়টার দিকে ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে ১১ চিকিৎসকসহ ১৫ জন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষানবিশ চিকিৎসক রাজীব হাওলাদার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার বিচারের দাবিতে আজ থেকে ধর্মঘট পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বেলা দুইটার দিকে কলেজ কর্তৃপক্ষ ও হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন কাজী ফিরোজ রশীদ। এ সময় তিনি বলেন, যে ঘটনার সূত্র ধরেই সংঘর্ষ হোক না কেন, হাসপাতাল কর্তৃপক্ষের উচিত ছিল এর সুষ্ঠু সমাধান করা। কিন্তু তা করতে তারা ব্যর্থ হয়েছে।
হাসপাতালের পরিচালক এম এ সালাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকায় জামিলসহ আরও একজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তের জন্য সাংসদ ফিরোজ রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভাঙচুরের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না বলায় নীরব ভূমিকায় ছিলেন তাঁরা।
হাসপাতাল ছেড়েছেন রোগীরা: শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘটের কারণে হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন ওয়ার্ডের রোগীরা ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চলে যান।
হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি ছিলেন সালমা ইসলাম। গতকাল সংঘর্ষের পর তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী কাউছার আহমেদ। কাউছার বলেন, ‘যাদের কাছে সেবা পেতে আইছি, এহন দেহি তারাই মারামারি করে।’