শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল বুধবার বেলা তিনটা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর স্বজনদের হাতে মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ও একজন শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করছেন তাঁরা।

বিক্ষুব্ধ শিক্ষানবিশ চিকিৎসকেরা বলেছেন, হামলাকারীদের গ্রেপ্তার, চিকিৎসকদের নিরাপত্তা ও ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে তাঁরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর শহরের গনেশপুর বকুলতলা এলাকার ব্যবসায়ী মনির হোসেন (৪০) ঢাকা থেকে ফেরার পথে গতকাল ভোরে বাসে অসুস্থ হয়ে পড়েন। তাঁর স্বজনেরা প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল সাতটার দিকে তাঁকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলে সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। কিন্তু মনিরের স্বজনেরা চিকিৎসার অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন।

উত্তেজিত স্বজনেরা হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার জহুরুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাঁকে ব্যাপক মারধর করেন। এ সময় শিক্ষানবিশ চিকিৎসক নাহিদ হোসেন এগিয়ে এলে তাঁকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় স্বজন ও শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ব্যবসায়ী মনির হোসেনের খালাতো ভাই খায়রুজ্জামান অভিযোগ করেন, মনির অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত একজন বিশেষজ্ঞ চিকিৎসকও রোগীকে দেখতে আসেননি। তাঁর প্রতি অবহেলা করা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তির পর রোগীর যথাযথ চিকিৎসাও দেওয়া হয়েছে। তিনি জানান, শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

শহরের ধাপ পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া হাসপাতালে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে আনার কথা নিশ্চিত করেছেন।