শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি তৃতীয় দিনের মতো অব্যাহত রেখেছেন।এই হাসপাতালে পরিবহন শ্রমিক নেতা বাবলু শেখের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শনিবার থেকে তাঁরা কর্মবিরতি পালন করে আসছেন। ওই এলাকার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।চিকিৎসাধীন রোগী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বাবলু শেখ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে তাঁকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডের ইউনিট-১-এ ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে অবস্থার অবনতি হলে সেখানে চিকিৎসাসেবা দেওয়া হয়। একপর্যায়ে বাবলু শেখ মারা যান।আত্মীয়স্বজন অবহেলায় বাবলু শেখের মারা যাওয়ার অভিযোগ তোলেন। একপর্যায়ে সেখানে শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলা চালানো ও ভাঙচুর করা হয়। শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি সৌবর্ণ রায়, সাধারণ সম্পাদক এস এম রাসেলসহ আরও কয়েকজন চিকিৎসক সেখানে পৌঁছালে রোগীর লোকজন তাঁদেরও লাঞ্ছিত করেন। এ সময় সেখানে অন্য শিক্ষানবিশ চিকিৎসকেরা এসে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাঁরা কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক পিয়াসকে মারধর করেন এবং তাঁর রুমে ভাঙচুর চালান।খবর পেয়ে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে সেখানে চিকিৎসকেরা এ ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ শুরু করলে তাঁদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। শিক্ষানবিশ চিকিৎসকদের অভিযোগ, পুলিশ এ সময় রোগীর লোকজনের পক্ষ নিয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে।চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শনিবার সকাল আটটা থেকে শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালে চার ঘণ্টা কর্মবিরতি পালন করে আসছেন। তাঁরা তিন দফা দাবিতে আজ মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন। দাবিগুলো হচ্ছে হামলাকারীদের গ্রেপ্তার, দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।সুবর্ণ রায় জানান, রোগীর চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। রোগীর লোকজন হূদেরাগের কথা বলায় দুবার ইসিজি করা হয়েছে। রোগীর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর লোকজন চিকিৎসকদের মারধর করার বিষয়টি পুলিশকে জানানোর পরও পুলিশ উল্টো রোগীর লোকজনের পক্ষ নিয়ে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করে। তিন দফা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফজালুর রহমান জানান, ঘটনা খতিয়ে দেখতে প্রধান সহকারী অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হাসপাতালের এ ঘটনায় ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজমল হোসেনকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।