কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন। গত রোববার থেকে এ কর্মবিরতি শুরু হয়।এদিকে শিক্ষানবিশ চিকিৎসকদের অনতিবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষানবিশ চিকিৎসক জানান, গত ১৯ মে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। এতে সব বিভাগে পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ, রোগী চিকিৎসার পর্যাপ্ত সুযোগ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, চিকিৎসকদের যাতায়াত ও আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী চিকিৎসকদের সম্মানী দেওয়ার দাবি জানানো হয়। কিন্তু কর্তৃপক্ষ এসব দাবি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে তাঁরা আন্দোলন চালিয়ে আসছেন। ৩ জুনের মধ্যে দাবি মানা না হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। এদিকে তত্ত্বাবধায়ক আবদুর রশিদ আখন্দ গতকাল জানান, চিকিৎসকদের সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। তাঁদের অনতিবিলম্বে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার পরও তাঁরা শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘন করে কর্মবিরতি পালন করছেন। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিশ্বরোডে সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে এ কলেজ প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে প্রথম ব্যাচের ২২ জন শিক্ষার্থী পাস করেছেন। বর্তমানে তাঁরা শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছেন।