শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীকে লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। গত সোমবার রাত সোয়া ১১টা থেকে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলে একজন নারী শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক রোগীর স্বজন। একপর্যায়ে তাঁরা একে অপরকে চড় মারেন। এ নিয়ে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সোয়া ১১টার দিকে শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।
চেষ্টা করেও শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়া ওই ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের (আইডিএ) যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ‘আমাদের সহকর্মীকে নাজেহাল করায় আমরা কর্মবিরতি পালন করেছি। পরে কর্তৃপক্ষের নিরাপত্তার আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করে নিই।’ তাঁর দাবি, ওই শিক্ষানবিশ চিকিৎসক রোগীর স্বজনকে চড় মারেননি।
কর্মবিরতি চলাকালে গতকাল বেলা ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। আইডিএ সদস্যসচিব সাইফুল আমীনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহীদুল গণি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, চমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত, বিএমএ চট্টগ্রামের সহসভাপতি মনোয়ারুল হক শামীম, আইডিএর আহ্বায়ক মর্তুজা মোর্শেদ।
মানববন্ধন শেষে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আইডিএ ও ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিএমএ নেতাদের বৈঠক হয়। বৈঠকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহীদুল গণি নিরাপত্তাব্যবস্থা জোরদারের আশ্বাস দেন। আশ্বাসের পর দুপুর সাড়ে ১২টার দিকে আইডিএ আহ্বায়ক মর্তুজা মোর্শেদ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিকে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির কারণে রোগীরা ভোগান্তির শিকার হয়। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের রোগী মো. শহীদ বলেন, সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত কোনো চিকিৎসক তাঁকে দেখেননি।