শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল রোববার দুপুরে তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হাসপাতাল এলাকায় টহল পুলিশ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের হস্তক্ষেপে দাবি বাস্তবায়িত হওয়ায় চিকিৎসকেরা গতকাল দুপুরে কাজে যোগ দেন।হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ জানান, গতকাল সকালে পরিচালনা কমিটির সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা মহসিনুজ্জামান চৌধুরী, মো. শহীদুল্লাহ, মো. আজিজুর রহমান সিদ্দিকী, শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্যে মিনহাজ, তৌফিকুল প্রমুখ।পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, প্রতিদিন বেলা একটা থেকে রাত ১০টা পর্যন্ত হাসপাতালে টহল পুলিশ দায়িত্ব পালন করবে। রাত ১০টা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত পার্শ্ববর্তী হাউজিং এস্টেটের অস্থায়ী পুলিশ ক্যাম্পের আরেক দল পুলিশ টহল দেবে। জেলা প্রশাসক রেজাউল আহসান বলেন, চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে এরই মধ্যে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দেওয়া হয়েছে।উল্লেখ্য, চিকিৎসা দিতে দেরি ও গাফিলতির অভিযোগে গত ২৮ এপ্রিল হাসপাতালের এক রোগীর আত্মীয়স্বজন শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলা চালায়। এরই পরিপ্রেক্ষিতে কর্মবিরতি পালন করছিলেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। গত নয় দিনের কর্মবিরতিতে হাসপাতালে রোগীদের ভোগান্তি চরমে ওঠে।