শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি রোগীদের চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি গতকাল শুক্রবারও অব্যাহত ছিল। এতে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। গত এক দিনে এখানে ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে।শিক্ষানবিশ চিকিৎসকদের অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে রবিউল ইসলাম নামের একজন রোগীর আত্মীয় মধু (৩০) শিক্ষানবিশ একরামুল হককে ঘুসি মারেন। এতে বাধা দিলে ওই যুবকের হামলার শিকার হন আরও তিন শিক্ষানবিশ চিকিৎসক। এ ঘটনায় পুলিশ ডেকে মধুকে ধরিয়ে দেওয়া হয়। তবে পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়।কিন্তু বিকেলে শিক্ষানবিশ চিকিৎসকেরা সমাবেশ করে হামলাকারীর বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালানোর ঘোষণা দেন।এদিকে ওয়ার্ড মাস্টারের কার্যালয় সূত্র জানায়, কর্মবিরতির পর থেকে গতকাল দুপুর পর্যন্ত এখানে ১৪ রোগীর মৃত্যু হয়। গতকাল দুপুরে সরেজমিনে ৬ নম্বর ওয়ার্ডে গেলে সেখানে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। রোগীরা অভিযোগ করেন, ঘটনার পর থেকে কোনো চিকিৎসক আসেননি।নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, তাঁর পাশের বিছানার রোগী গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ঘণ্টা ছটফট করে মারা গেছেন। খিঁচুনি শুরুর পর তাঁর আত্মীয়রা ছোটাছুটি করেও কোনো চিকিৎসক পাননি।হামলার শিকার শিক্ষানবিশ চিকিৎসক একরামুল বলেন, তিনি রোগী রবিউলের ড্রেসিং করতে যান। এ সময় ভিড় করে থাকা রোগীর আত্মীয়দের বাইরে যেতে বললে তাঁদের মধ্য থেকে একজন তাঁকে ঘুসি মারেন।রোগী রবিউল জানান, অ্যাপ্রন ছাড়াই একজন শিক্ষানবিশ চিকিৎসক তাঁর ক্ষতস্থান ড্রেসিং করতে আসেন। তিনি আনাড়ির মতো কাজ করতে থাকলে তাঁর ভাই পরিচয় জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হাতাহাতিতে গড়ায়।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী গতকাল বলেন, আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি প্রত্যাহার করা না হলেও কিছুসংখ্যক শিক্ষানবিশ শিগগিরই কাজে ফিরবেন। তবে ১৪ জন রোগীর মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, এখানে প্রতিদিন তেরো-চৌদ্দ শ রোগী থাকে। এক দিনে মৃতের এ সংখ্যা অস্বাভাবিক নয়।এদিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান বলেন, চিকিৎসকদের ওপর হামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। এভাবে রোগীদের জিম্মি করে কর্মবিরতি ডাকা অন্যায়।