শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেছেন। এক রোগীর স্বজনের অশোভন আচরণকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে ওই কর্মবিরতির ডাক দেওয়া হয়। গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলনে শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান, অশোভন আচরণকারী ক্ষমা না চাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
শিক্ষানবিশ চিকিৎসক ইমরান হোসেন জানান, গত শুক্রবার মেডিসিন-১ ইউনিটে হরেন বিশ্বাস নামের এক রোগী ভর্তি হন। বেলা ১১টার দিকে তাঁর ছেলে পটুয়াখালী সদর থানার এসআই মনোজ কুমার সরকার অনুমতি ছাড়াই শিক্ষানবিশ চিকিৎসকদের কক্ষে প্রবেশ করে চিকিৎসক ইকরা ফেরদৌসীর চেয়ারের পাশে বসেন। একপর্যায়ে ওই চিকিৎসকের সঙ্গে মনোজের বাগ্বিতণ্ডা হয়। এ সময় ইকরা ফেরদৌসী মুঠোফোনে সহকর্মীদের ডাকার চেষ্টা করলে মনোজ ইকরার মুঠোফোন নিয়ে যান। এর প্রতিবাদে গত শনিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
এদিকে গতকাল রোববার বিকেল পাঁচটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলায় শিক্ষানবিশ চিকিৎসকেরা সংবাদ সম্মেলন করে দোষী পুলিশ সদস্যের শাস্তি দাবি করেন। এ সময় তাঁরা বলেন, যতক্ষণ পর্যন্ত না ওই পুলিশ সদস্য এসে শিক্ষানবিশ চিকিৎসকদের কাছে ক্ষমা চাইবেন, ততক্ষণ পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
অভিযুক্ত পুলিশ সদস্য মনোজ কুমার সরকার দাবি করেন, জরুরি প্রয়োজনে চিকিৎসক ডাকতে গেলে সেখানে থাকা নারী চিকিৎসক আসছি বলে বিদায় দেন। দেরি হচ্ছে দেখে দ্বিতীয়বার ডাকতে গেলে আবারও আসছি বলে বিদায় দেন। তৃতীয়বার গিয়ে রোগীর কাছে না যাওয়ার কারণ জানতে চাইলে নারী চিকিৎসক ক্ষুব্ধ হন। এ সময় নিজের পরিচয় দিয়ে চেয়ারে বসলেও খেপে গিয়ে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন তিনি। এসব বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরও শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজে যোগ দিচ্ছেন না। তাঁরা দাবি করছেন, পুলিশ সদস্যকে এসে ক্ষমা চাইতে হবে। পুলিশ সদস্য ক্ষমা চাইতেও রাজি। কিন্তু এখানে এলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে, তার দায় কে নেবে।