
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার রাতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে এক রোগীর স্বজনদের মারামারি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘট পালন করছেন।
ধর্মঘটি চিকিৎসকেরা গতকাল বুধবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে পুলিশের দোষী সদস্য ও রোগীর স্বজনদের শাস্তির দাবি জানানো হয়। দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক বলেন, মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মো. শাহাবউদ্দিন ও শিক্ষানবিশ চিকিৎসকেরা সার্জারি ওয়ার্ডে যান। এ সময় সড়ক দুর্ঘটনায় আহত সিরাজুল ইসলামের সঙ্গে নয়জন দর্শনার্থী দেখে তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
শিক্ষানবিশ চিকিৎসকেরা বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু তারা রোগীর স্বজনদের পক্ষ অবলম্বন করে। মহিউদ্দিন নামের পুলিশের এক সদস্য সহকারী রেজিস্ট্রারের কলার চেপে ধরেন। এ ঘটনা দেখে শিক্ষানবিশ চিকিৎসকেরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় পুলিশের সদস্যরা চিকিৎসকদের লাঞ্ছিত করেন। এর জের ধরে শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের জরুরি বিভাগসহ সব পথে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন এবং ধর্মঘটের ডাক দেন। তাৎক্ষণিকভাবে পুলিশের ওই সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও রোগীর স্বজনদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ধর্মঘট অব্যাহত আছে। পুলিশ দাবি করছে, কথা-কাটাকাটির একপর্যায়ে রোগীর স্বজনদের ওপর হামলা চালান চিকিৎসকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাঁরা পুলিশের ওপরও হামলা চালান। তখন পুলিশ সদস্যরা চিকিৎসকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শিক্ষানবিশ চিকিৎসকদের দাবির মুখে পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মহিউদ্দিনকে প্রত্যাহারের ঘোষণা দিলে রাত ১১টার দিকে হাসপাতালের পরিচালক তালা খুলে দেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আজাদ রহমান বলেন, চিকিৎসকদের দাবির পরিপ্রেক্ষিতে উপসহকারী পুলিশ পরিদর্শক মহিউদ্দিনকে প্রত্যাহার করে লাইনে সংযুক্ত করা হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল দুপুরে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ করে রোগীর স্বজন ও দোষী পুলিশ সদস্যদের কঠোর শাস্তি দাবি করেন। এ ছাড়া হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানান।
পরে হাসপাতালের পরিচালক মো. সিরাজুল ইসলাম বিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে চিকিৎসক ও হাসপাতালের সার্বিক নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে শিক্ষানবিশ চিকিৎসকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।