রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। একই সঙ্গে গতকাল শনিবার থেকে সেবিকারা দিন-রাত ছয় ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন।গত বৃহস্পতিবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও সেবিকাদের লাঞ্ছিত করেন। ওই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা বিধানসহ সাত দফা দাবিতে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা পরের দিন শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট এবং সেবিকাদের সংগঠন নার্সেস অ্যাসোসিয়েশন গতকাল থেকে দিন ও রাতে মোট তিনটি পালায় দুই ঘণ্টা করে ছয় ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি শুরু করে। গতকাল দুপুরে শিক্ষানবিশ চিকিৎসকেরা ও নার্সেস অ্যাসোসিয়েশন পৃথকভাবে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের কাছে স্মারকলিপি দেয়।হাসপাতালের সেবিকা ও শিক্ষানবিশ চিকিৎসকেরা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার রাতে হাসপাতালের তিন নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রংপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার মাহবুবুর রহমান বার্ধক্যজনিত রোগে মারা যান। এরপর রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষানবিশ চিকিৎসক মাহমুদুল হাসান, সেবিকা বীণা রানী রায় ও প্রশিক্ষণার্থী সেবিকা অপূর্ব রানীকে লাঞ্ছিত করেন।সেবিকা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক পরিবানু খাতুন বলেন, ‘আমাদের নিরাপত্তা নেই বললেই চলে। তাই এ ঘটনার সুষ্ঠু বিচার এবং হাসপাতালে নিরাপত্তা বিধানসহ সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে।’এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বলেন, বেশ কিছুদিন থেকে লক্ষ করা যাচ্ছে, হাসপাতালের কর্মচারী, নার্সসহ চিকিৎসকদের ওপর রোগীর স্বজনেরা হামলা করছেন। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ বলেন, ওই ঘটনায় হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক জাহানারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।