শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা লাগাতার ধর্মঘট গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রত্যাহার করে নিয়েছেন। চিকিৎসকের ওপর হামলাকারীরা ক্ষমা চাওয়ায় এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসকেরা এই কর্মবিরতি প্রত্যাহার করে নেন।জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইসলামিয়া কলেজের ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে চমেক হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিত হন। এই ঘটনার জের ধরে বিভিন্ন দাবিতে ওই দিন থেকে চিকিৎসকেরা ধর্মঘটে যান।এই অবস্থায় বুধবার দিনভর আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল প্রশাসন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাদের বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। শেষে বুধবার রাতে নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকেরা বৈঠকে বসেন। ওই বৈঠকে ইসলামিয়া কলেজের ছাত্রদেরও হাজির করা হয়। সেখানে এই ঘটনার জন্য তাঁরা ক্ষমা চান বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। এ প্রসঙ্গে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বলেন, ‘নাছির ভাইয়ের সঙ্গে বৈঠকে হামলাকারীরা ক্ষমা চেয়েছে। এ ছাড়া কর্মস্থলে আমাদের নিরাপত্তার বিষয়টি আজ (বৃহস্পতিবার) থেকে নিশ্চিত করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছি।’