কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা গতকাল শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।
শিক্ষানবিশ চিকিৎসকেরা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের স্টাফ ক্যানটিনে নাশতা করতে যান কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক। এ সময় ক্যানটিন পরিচালনাকারী মো. সবুজ তাঁদের লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে শনিবার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁরা ওই ঘটনায় জড়িত মো. সবুজের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবিতে অধ্যক্ষ এবং পরিচালকের কাছে দরখাস্ত দিয়েছেন।
মো. সবুজ চিকিৎসকদের লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন। হাসপাতালের পরিচালক মো. কামরুল হাসান বলেন, ‘ঘটনার পর শিক্ষানবিশ চিকিৎসকেরা একটি দরখাস্ত দিয়েছেন। আমরা একটি তদন্ত কমিটি করে দিয়েছি। রোববার (আজ) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’