ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে আকসিঞ্চকভাবে এ ধর্মঘট শুরু হয়। এতে বিপাকে পড়েছে রোগীরা।
হাসপাতালের কর্মকর্তারা বলেন, আকসিঞ্চকভাবে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট শুরু হওয়ায় হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। জ্যেষ্ঠ চিকিৎসক, সহকারী রেজিস্ট্রার ও চিকিৎসা কর্মকর্তাদের দিয়ে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।
জানা যায়, গত ১৩ মে ৮১ জন শিক্ষানবিশ চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। গতকাল পর্যন্ত তাঁরা মে মাসের বেতন না পাওয়ায় ধর্মঘট শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক বলেন, তাঁরা গতকাল বেলা ১১টার দিকে বেতনের সমস্যা নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু কবে বেতন দেওয়া হবে, সে নিশ্চয়তা না দিয়ে তত্ত্বাবধায়ক শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে তাঁরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক শামসুল আলম বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকেরা গত মাসের ১৩ তারিখে যোগ দিয়েছে। এখনো বাজেট হয়নি। আমার কাছে আসার পর আমি তাদের বলেছি, ফান্ড আসবে তোমরা কাজ করো। কিন্তু তারা কোনো কথা শোনেনি।’ শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেন।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, এক মাস না যেতে শিক্ষানবিশ চিকিৎসকদের এ ধর্মঘট দুঃখজনক।