চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন। এতে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শিক্ষানবিশ চিকিৎসক সোহেল পারভেজের ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকালে নগরের মেহেদীবাগে অটোরিকশা থেকে নামিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। এই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দেয়। সোহেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কর্মবিরতি চলাকালে গতকাল সকালে শিক্ষানবিশ চিকিৎসক ও ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। তারা সোহেলের ওপর হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে। শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠনের আহ্বায়ক রাশেদুর রেজা বলেন, ‘হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। তবে জরুরি চিকিৎসাসেবায় আমাদের একটি দল কাজ করছে।’ সরেজমিনে দেখা গেছে, অনির্দিষ্টকালের কর্মবিরতি চলাকালে গতকাল জরুরি বিভাগের ফটক ছাড়া হাসপাতালের অন্যান্য ফটক বন্ধ ছিল। চিকিৎসকের স্বল্পতা ও ফটক প্রতিবন্ধকতার কারণে হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যাহত হয়। সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে সরকারি চিকিৎসকেরা থাকলেও শিক্ষানবিশ চিকিৎসকদের দেখা যায়নি। তাই রোগীর চাপ সামলাতে নিয়মিত চিকিৎসকদের হিমশিম খেতে হয়েছে। রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে বেলা দুইটার পর। কারণ বেশির ভাগ চিকিৎসক বেলা দুইটার পর চলে যান। প্রসূতি বিভাগের সামনে হাটহাজারী থেকে আসা মো. আলমগীর জানান, তাঁর স্ত্রীকে সকালে ভর্তি করা হয়। কিন্তু বেলা আড়াইটা পর্যন্ত কোনো চিকিৎসককে দেখেননি। প্রসূতি বিভাগের চিকিৎসক মাহবুবুল আলম চিকিৎসক-সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকেরা আমাদের অনেক সাহায্য করেন। কিন্তু এখন তাঁরা না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।’ সোহেলের ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার পাঁচজন হলেন আবদুল হামিদ (২৮), জিয়াউর রহমান (২৬), রিফাত মাহমুদ (২৪), সাফায়েত উল্লাহ (২৬) ও এনায়েতুল করিম (১৮)। হামলার ঘটনায় করা মামলায় শিবিরের মেডিকেল কলেজ শাখার নেতা মহসিন আবদুল্লাহ ও আবির আবদুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সোহেলের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।