রামেক হাসপাতালে সাংবাদিককে চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি
শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে হাইকোর্টের রুল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) সাংবাদিককে চিকিৎসা না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার রুল জারি করেছেন হাইকোর্ট৷ এদিকে চিকিৎসাসেবা না দিলে শিক্ষানবিশ চিকিৎসকদের কাছে খাদ্যসামগ্রী বিক্রি করবেন না বলে হুমকি দিয়েছেন রাজশাহীর ব্যবসায়ীরা৷
হাইকোর্ট জানতে চেয়েছেন, যেসব শিক্ষানবিশ চিকিৎসক সাংবাদিককে চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালককে ২৫ মের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
ওই হাসপাতালে অসুস্থ এক সাংবাদিককে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া িনয়ে ‘ডক্টরস ওন্ট ট্রিট জার্নোজ’ শিরোনামে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ গতকাল একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেন।
রুলে কোন ক্ষমতাবলে শিক্ষানবিশ চিকিৎসকেরা সাংবাদিককে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং অস্বীকৃতি জানানোয় সংশ্লিষ্ট শিক্ষানবিশদের চিকিৎসক হিসেবে ভবিষ্যতে লাইসেন্স প্রদান থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিএমডিসির সভাপতিকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।