শিক্ষানীতি ও আইন বাতিলের দাবি চরমোনাই পীরের

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সরকার জঘন্য শিক্ষানীতি বাস্তবায়নে জাতীয় শিক্ষা আইন ২০১৬ পাস করার উদ্যোগ নিয়েছে। আমরা প্রস্তাবিত শিক্ষা আইন প্রত্যাখ্যান করছি। এ শিক্ষানীতি ও আইন বাতিল না করলে সরকারের পরিণতি হবে ভয়াবহ। একবিন্দু রক্ত থাকতে এটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শুক্রবার ইসলামী আন্দোলন আয়োজিত জাতীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘বিতর্কিত শিক্ষানীতি, প্রস্তাবিত শিক্ষা আইন এবং সর্বনাশা হিন্দুত্ববাদী ও নাস্তিক্যবাদী সিলেবাস’ বাতিলে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
রেজাউল করীম বলেন, ‘বর্তমান শিক্ষানীতি বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমান জাতিসত্তা ধ্বংসের রণকৌশল। কোনো দেশপ্রেমিক মুসলমান এটি মেনে নিতে পারে না। ইসলামবিনাশী শিক্ষা আইন, শিক্ষানীতি ও বিতর্কিত সিলেবাস বাতিলে দেশের ইমানদার জনতা জীবন ও রক্ত দিতেও প্রস্তুত আছে।’
পরে দাবি আদায়ে লংমার্চের সময়সীমাসহ আট দফা কর্মসূচি ঘোষণা করেন চরমোনাইর পীর। এর মধ্যে রয়েছে বাজেট অধিবেশন চলাকালে জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল, ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রচারপত্র বিতরণ ও গণস্বাক্ষর অভিযান, ২০ জুলাই ইউনিয়ন পর্যায়ে ও ২৮ জুলাই থানায় থানায় মানববন্ধন, ৫ আগস্ট জেলায় সমাবেশ ও বিক্ষোভ, ১১ আগস্ট থেকে ৩১ আগস্ট বিভাগীয় মহাসমাবেশ এবং ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা। এরপরও দাবি মেনে না নিলে ঢাকা অভিমুখে লংমার্চ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন চরমোনাইর পীর।
মহাসমাবেশ জুমার পর শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। জুমার পর সমাবেশে আসা মিছিলের কারণে শাহবাগ-মৎস্য ভবন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে জনসমাগম বেড়ে গেলে উদ্যান ছাড়িয়ে সংশ্লিষ্ট সড়কে সমাবেশের বিস্তৃতি ঘটে।
মহাসমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল ও আবদুল হক আজাদ, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ।