অবিলম্বে জাতীয় শিক্ষানীতি বাতিল করে ইসলামি শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা না হলে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় মহাসমাবেশে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখা এই মহাসমাবেশের আয়োজন করে। এতে সংগঠনের রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা আবদুর রহমান কাসেমী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আমির আবদুল হক আজাদ, যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা প্রমুখ।
চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, দেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। কাজেই এ দেশে বিতর্কিত শিক্ষানীতি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তিনি রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।