শিক্ষানীতি বাতিলের দাবি উলামা মাশায়েখ আইম্মা পরিষদের
অসাম্প্রদায়িক শিক্ষানীতি এবং শিক্ষা আইন বাতিল করে সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আগামীকাল শনিবার অনুষ্ঠেয় জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের আইবিএ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানানো হয়।
সভায় সংগঠনটির নেতারা বলেন, ‘ধর্মহীন ও ইমানবিধ্বংসী শিক্ষা আইন ও সিলেবাস বাতিল না হওয়া পর্যন্ত ওলামায়ে কেরাম যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত রয়েছেন।’ তাঁরা বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে মোট ১৯৩টি কবিতা, প্রবন্ধ, নিবন্ধ ও গল্পের মধ্যে ১৩৭টিই মুসলমানদের সংস্কৃতির বাইরে নাস্তিক ও হিন্দুত্ববাদীদের লেখা। আলিয়া মাদ্রাসাতেও যাদের গদ্য ও কবিতা পাঠ্য করা হয়েছে, সেগুলোরও অধিকাংশ নাস্তিক ও হিন্দু লেখকদের লেখা।
নেতারা বলেন, বিদ্যমান এই পাঠ্যসূচি পশু স্বভাবের শিক্ষিত অপদার্থ, দুর্নীতিবাজ, লম্পট এবং রক্ষকের বেশে ভক্ষক ছাড়া আর কিছুই তৈরি করবে না। বিজ্ঞপ্তি।