চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শিক্ষানীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার ঘোষণা ছাত্রলীগের
বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন আর সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার মধ্যরাতে চট্টগ্রাম শহীদ মিনারে মহানগর ছাত্রলীগের নেতারা কেক কেটে ও প্রদীপ জ্বালিয়ে কর্মসূচি শুরু করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সরকারের ঘোষিত শিক্ষানীতি বাস্তবায়ন করতে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সরকারের দিনবদলের সনদ বাস্তবায়নে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ছাত্রলীগকে কাজ করতে হবে।মহানগর ছাত্রলীগ গতকাল দুপুরে শহীদ মিনারে সমাবেশ করে। নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম, সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন এতে বক্তৃতা করেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।দিনটি উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। খুলশী থানা ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ও কেক কেটে কর্মসূচি পালন করে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।