শিক্ষানীতি বাস্তবায়নে আইন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের জন্য একটি শিক্ষা আইন করা হবে। ইতিমধ্যে আইনের খসড়া প্রণয়নের প্রক্রিয়াও শুরু হয়েছে। শিক্ষায় বাধা দূর করতে পারে এমন আইনই করা হবে।গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে শিক্ষা বিষয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযান আয়োজিত শিক্ষার অধিকার বিষয়ে এক গোলটেবিল বৈঠকে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসম্মত শিক্ষা। এ জন্য আমরা এখন মানসম্মত শিক্ষক তৈরির চেষ্টা করছি। শিক্ষক নিয়োগে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতো আলাদা কমিশন করা হবে।’শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহারের বিভিন্ন চিত্র তুলে ধরে নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালুর জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।সরকারের রূপকল্প-২০২১-এর কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষা দিয়ে লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। এ জন্য শিক্ষার আমূল পরিবর্তন দরকার। নতুন প্রজন্মকে শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘আমরা আগামী বাজেটে শিক্ষা খাতের জন্য মোট বাজেটের ২০ ভাগ চেয়েছি। এ ছাড়া শিক্ষা খাতের জন্য ধাপে ধাপে জাতীয় আয়ের (জিডিপি) ৬ শতাংশ ব্যয় করতে হবে।’অনুষ্ঠানে তিনটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মনজুর আহমেদ, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের কেইথ লেউইন, ভারতের ন্যাশনাল ইউনিভার্সিটি অব এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপাচার্য আর গোবিন্দ।এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, তথ্য কমিশনার সাদেকা হালিম, অ্যাকশনএইডের কান্ট্রি পরিচালক ফারাহ কবীর প্রমুখ।