শিক্ষানীতি বাস্তবায়নে বড় বাধা প্রশাসন: খলীকুজ্জমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতি বাস্তবায়নে সবচেয়ে বড় অন্তরায় শিক্ষা প্রশাসন। এ প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা না হলে শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষানীতি—২০১০ প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।


আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার বাজেট, বাজেটের শিক্ষা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক ও শিক্ষা খাতে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাকশন এইড বাংলাদেশের ব্যবস্থাপক (শিক্ষা) খোন্দকার লুত্ফুল খালেদ। তিনি বাজেটে শিক্ষা খাতে গত কয়েক বছরের বিভিন্ন বরাদ্দের গতি-প্রকৃতি এবং ২০১৪ সালের বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দের ন্যূনতম ১৪ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। এ ছাড়া শিক্ষা খাতে কোন কোন অংশে অর্থ বরাদ্দের সময় লক্ষ রাখতে হবে, সে বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

কাজী খলীকুজ্জমান বলেন, নিজেদের বদলি ও অন্যান্য প্রয়োজনে শিক্ষকেরা সারাক্ষণ সচিব-মন্ত্রীদের কাছে দৌড়ান। তাহলে শিক্ষাদান কার্যক্রম কে চালাবেন—এই প্রশ্ন রাখেন তিনি। বাজেট বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজেটে যা বরাদ্দ হয়, তার অধিকাংশই ফেরত যায়। কারণ কোন কোন ক্ষেত্রে অর্থ ব্যয়ের প্রয়োজন, সেটাই আমরা নির্ধারণ করতে পারি না।’ বরাদ্দ বিভাজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রাথমিক, মাধ্যমিকের পাশাপাশি উচ্চশিক্ষা এবং গবেষণা খাতেও বরাদ্দ বাড়ানো প্রয়োজন।’