শিক্ষানীতি মাদ্রাসাশিক্ষাকে উন্নত করবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকারের প্রণীত শিক্ষানীতি দেশের ইসলামী মূল্যবোধ ও মাদ্রাসাশিক্ষাকে আরও সম্প্রসারিত ও উন্নত করবে। এ শিক্ষানীতি হবে এ দেশের সংবিধানসম্মত গণমুখী, সর্বজনীন, যুগোপযোগী, সুপরিকল্পিত ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ভিত্তি।গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কওমি মাদ্রাসা বোর্ডের (আযাদ দীনী এদারায়ে তালীম বাংলাদেশ) প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।এদিকে কওমি মাদ্রাসা ব্যবস্থাপনায় কোনো রকম সরকারি হস্তক্ষেপ মানবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদ্রাসার আরেক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া (বেফাক)। একই সঙ্গে তারা সাধারণ শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা ও স্বতন্ত্র কওমি শিক্ষানীতি করার দাবি জানাবে। এসব দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপিও দেবে বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশ। গতকাল বেফাকের মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আলেমদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময়: শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই একটি মহল ‘ইসলাম গেল’ বা ‘মাদ্রাসাশিক্ষা ধ্বংস হবে’ ইত্যাদি ধোয়া তুলে ষড়যন্ত্র চালাতে থাকে। অথচ আওয়ামী লীগের আমলেই এ দেশের ইসলাম ও দীনি শিক্ষার ভিত আরও মজবুত হয়। তিনি বলেন, ‘বাস্তবতার প্রেক্ষাপটে আমরা মাদ্রাসাশিক্ষার সঙ্গে বাংলা, অঙ্ক, সামাজিক বিজ্ঞান, কম্পিউটার যুক্ত করতে চাই। এটাকেই আমরা বলছি মাদ্রাসাশিক্ষার আধুনিকায়ন।’১৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে আযাদ দীনী এদারায়ে তালীম বাংলাদেশের সভাপতি মাওলানা হোসাইন আহমদ বারকোটী, সহসভাপতি মাওলানা জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল বাসিত বরকতপুরী প্রমুখ উপস্থিত ছিলেন।বেফাকের শুরার বৈঠক: শুরার বৈঠকে বক্তারা বলেন, শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খালেকুজ্জামানের কাছে বেফাকের পক্ষে শিক্ষানীতি প্রসঙ্গে মতামত দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মতামত জানানো হয়েছে। এরপরও গত ২৯ মার্চ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বেফাকের কোনো মতামতের ব্যাপারে অবগত নন।সভায় কওমি মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে না গিয়ে চিরায়ত ধারায় স্বশাসিত থাকবে বলে সিদ্ধান্ত হয়।শুরা অধিবেশনের সভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, ‘আমাদের মতামত অগ্রাহ্য হলে মতামত গ্রহণের যাবতীয় পদক্ষেপ নিতে বেফাক বাধ্য হবে।’