শিক্ষানীতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব নয়। এ জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তবেই প্রকৃত সফলতা সম্ভব হবে। দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পূর্ণাঙ্গ শিক্ষা লাভের জন্য নৈতিকতার উন্নয়ন প্রয়োজন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার দশক পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে গতকাল শুক্রবার আলোচনা সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।সকাল সাড়ে দশটার দিকে জীববিজ্ঞান অনুষদ চত্বরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ ছাড়া শিক্ষামন্ত্রী দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর সেখান থেকে বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি সম্মিলিত আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। বেলা ১১টার দিকে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, উপাচার্য শরীফ এনামুল কবির, সহ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক কাজী সালেহ আহমেদ, অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল বায়েস ও অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান উপস্থিত ছিলেন।আলোচনা সভায় তিনটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষায় বিশেষ অবদানের জন্য রসায়ন বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শরীফ এনামুল কবির, সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য অর্থনীতি বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদি ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য নৃবিজ্ঞান বিভাগের ২৫তম ব্যাচের ছাত্র ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে একই স্থানে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদের পরিচালনায় স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে সেখানে সংগীত পরিবেশন করে ব্যান্ডদল শিরোনামহীন ও কণ্ঠশিল্পী মিলা।শিক্ষামন্ত্রী বলেন, ‘জ্ঞান আর দক্ষতা আজ আমাদের শিক্ষার মূল বিষয়ে পরিণত হয়েছে। তবে তা হতে হবে জীবন-সম্পর্কিত। সময়ের সঙ্গে সংগতি রেখে আমাদের অর্জিত জ্ঞান, প্রজ্ঞা আর দক্ষতাকে কাজে লাগাতে হবে। শুধু শ্রেণীকক্ষের শিক্ষা নয়, আমাদের বিশ্বের নানা দিক সম্পর্কে ধারণা রাখতে হবে। যেসব বিষয় আজ বিশ্বে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে, সেগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের নৈতিক মূল্যবোধ, জ্ঞান আর দক্ষতা ব্যবহারের মধ্য দিয়ে দুই টাকার কাজ এক টাকায় করতে হবে।’শিক্ষাসচিব বলেন, কেবল সময় বিচারেই নয়, সুকৃতি আর সুখ্যাতির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গৌরব অর্জন করেছে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের নানা দিক তুলে ধরে সবাইকে এই উন্নয়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।