শিক্ষানীতি সংশোধন না করলে সংসদ ভবন ঘেরাওয়ের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষানীতির চূড়ান্ত খসড়াটিকে ধর্মহীন আখ্যা দিয়েছে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ নামে একটি সংগঠন। সংগঠনের এক আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে, তাঁরা এই খসড়ানীতির ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। সরকার সেগুলো সংশোধন না করলে জাতীয় সংসদ ঘেরাও করা হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তাঁরা দাবি করেন, আওয়ামী লীগের সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার জোর করে শিক্ষানীতি চাপিয়ে দিতে চাইলে তা প্রতিহত করার হুমকিও দেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ শিক্ষানীতির চূড়ান্ত খসড়ার দুর্বলতাগুলো খুঁজে বের করতে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান বলেন, ‘আমরা একটি সারসংক্ষেপ তৈরি করে জাতির কাছে পেশ করব। যদি সেটা মানা না হয়, তাহলে জাতীয় সংসদ ঘেরাও করার পরিকল্পনা আছে।’সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, মাদ্রাসা শিক্ষা পরিষদের মহাসচিব যাইনুল আবেদীন, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, আইম্মাহ পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন রাব্বানী ও সাংবাদিক আল মুজাহিদী।