চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, অর্থনীতির ভিত্তিই হচ্ছে শিক্ষা। তাই অর্থনীতি বিকাশের স্বার্থে শিক্ষানীতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। সবাইকে রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে গতকাল শনিবার ‘জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত দেন। গণসাক্ষরতা অভিযান ও আমরা করবো জয় নামের দুটি প্রতিষ্ঠান এ গোলটেবিলের আয়োজন করে।গোলটেবিলে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী। প্রধান আলোচক ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, সাংসদ চেমন আরা তৈয়ব, সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডিন জ্যোতি প্রকাশ দত্ত, শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, শিক্ষাবিদ নাসিমুল কামাল, হাসিনা জাকারিয়া প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মীর আবু সালেহ শামসুদ্দিন। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন। ডেপুটি স্পিকার বলেন, ‘আমাদের জাতীয় শিক্ষানীতিতে প্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। এ জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের উন্নয়নে বিজ্ঞানমনস্ক ও শিক্ষিত জনগণ গড়ে তুলতে একটি বাস্তবমুখী শিক্ষানীতি প্রয়োজন। এবারের শিক্ষানীতি বাস্তবমুখী। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে শিক্ষানীতি ও নারীনীতিসহ কোনো নীতিই বাস্তবায়িত হবে না।সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। গোলটেবিল বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জারুল তলা চত্বরে যৌন হয়রানির বিরুদ্ধে গণশপথ, গণসংহতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।