শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব হবে না। বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও ছাত্রদের কলুষিত রাজনীতি শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অপ্রয়োজনীয় বিতর্ক ও রাজনৈতিক বিরুদ্ধাচারণের ফলে অতীতে সার্বজনীন গৃহিত কোন শিক্ষাব্যবস্থা প্রণীত হতে পারেনি। গতকাল মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ে ‘প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি ও আমাদের ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করা সরকারের একটি বড় চ্যালেঞ্জ। তবে এর বাস্তবায়ন হলে উন্নত বিশ্বের সঙ্গে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা একটা মানসম্মত পর্যায়ে পৌছুঁবে। বক্তারা শিক্ষানীতি বাস্তবায়নের পাশাপাশি দেশের সামাজিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবি জানান। বিকেলে বিশ্ববিদ্যালয় মিনি অডিটরিয়ামে উপাচার্য সালেহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ইউনুছ। সেমিনারে শিক্ষানীতি নিয়ে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, দ্যা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। সেমিনারের শুরুতেই বর্তমান শিক্ষানীতির বিভিন্ন বিষয় তুলে ধরে মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষানীতি নিয়ে উগ্র বাম এবং উগ্র ডানপন্থীরাই বেশি বিরোধীতা করছে। আমরা যারা শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ তারা এর সাথে আছি। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ও আমাদের ভেতরের খারাপ চিন্তা চেতনা ও কুসংস্কার দুর না করা পর্যন্ত শিক্ষার সংস্কার সম্ভব নয়। রাশেদা কে চৌধুরী শিক্ষানীতিতে নারী অংশকে আলাদা করে রাখার সমালোচনা করে বলেন, নারী শিক্ষাকে আলাদা করে দেখার কিছূ নেই। সব জায়গায় নারীকে সমান অংশীদার করতে হবে বলে তিনি উল্লেখ করেন। মাহফুজ আনাম বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে মেধা বিকাশের পরিবেশ নাই। কলুষিত ছাত্ররাজনীতি ও শিক্ষক রাজনীতি শিক্ষার জন্য মারাত্মক হুমকি।সেমিনারে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কবির হোসেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল প্রভোস্ট অধ্যাপক ইয়াসমীন হক, প্রক্টর অধ্যাপক এস এম সাইফুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জায়েদা শারমিন প্রমুখ।