বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ভাতার সরকারি অংশ (মান্থলি পেমেন্ট অর্ডার—এমপিও) দেওয়ার নীতিমালা প্রায় চূড়ান্ত করেছে সরকার।গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির তারিখ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা এবং ফলাফল এই চারটি সূচকের ভিত্তিতে এমপিও দেওয়ার ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, চলতি সপ্তাহেই নীতিমালা চূড়ান্ত করা হবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আপাতত এমপিওভুক্তির বিষয়টি মন্ত্রণালয়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ। জনবল কাঠামোসহ অন্য বিষয়ে সিদ্ধান্ত হবে পর্যায়ক্রমে।এমপিওভুক্তির নীতিমালা ঠিক করতে সরকার গত বছর প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি করে।জাতীয় বিশ্ববিদ্যালয়: জোট সরকারের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদল এই প্রতিবেদন হস্তান্তর করেন।