শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন নিয়ম আসছে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন নিয়ম হচ্ছে। ভবিষ্যতে বিদ্যালয় এমপিওভুক্তির জন্য পাবলিক পরীক্ষায় পাসের হার ৭০ শতাংশ এবং কলেজের জন্য পাসের হার ৬০ শতাংশ হতে হবে। পরীক্ষার্থীর সংখ্যাও আগের চেয়ে বেশি লাগবে।
একই সঙ্গে জনবল কাঠামো সংশোধন করে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারীদের নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এমপিওভুক্তির নতুন খসড়া নীতিমালায় এসব কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই খসড়া তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এই খসড়া নিয়ে আজ শনিবার রাজধানীর নায়েমে এক কর্মশালার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সংশ্লিষ্টদের মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হবে। এই নীতিমালা হলে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি আরও জোরালো হবে এবং ভবিষ্যতে এই নীতিমালার আলোকে এমপিওভুক্তি হবে।
বেতন-ভাতা বাবদ সরকারি অংশ পাওয়ার জন্য সরকারের তালিকাভুক্ত হওয়াকে এমপিওভুক্ত বলা হয়।
সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬০০ এর কিছু বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এরপর দাবি থাকলেও আর কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।
প্রস্তাবিত নীতিমালায় মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি) বিদ্যালয় এমপিওভুক্তির জন্য শহর এলাকায় ৬০ জন ও মফস্বল এলাকায় ৪০ জন পরীক্ষার্থী (পাবলিক পরীক্ষায়) থাকতে হবে। বিদ্যমান নীতিমালায় থাকতে হয় যথাক্রমে ৫০ ও ৩০ জন। পাসের হার বর্তমানে ৫০ শতাংশ থাকতে হয়। নতুন এমপিওভুক্তির জন্য তা হতে হবে ৭০ শতাংশ। উচ্চমাধ্যমিক বিদ্যালয়েও একই সংখ্যক শিক্ষার্থী ও পাসের হার লাগবে।
স্নাতক (পাস) স্তরের কলেজ এমপিওভুক্তির জন্য শিক্ষার্থী থাকতে হবে শহর এলাকায় ৫০ জন ও মফস্বল এলাকায় ৩৬ জন। বর্তমানে থাকতে হয় যথাক্রমে ৪০ জন ও ২৬ জন। পাসের হার লাগবে কমপক্ষে ৬০ শতাংশ। বর্তমানে এটি আছে ৫০ শতাংশ।
মাদ্রাসার দাখিল ও আলিম স্তরের মাদ্রাসা এমপিওভুক্তির জন্য পাসের হার ৭০ শতাংশ লাগবে। পরীক্ষার্থী থাকতে হবে শহর এলাকায় ৪০ জন ও মফস্বলে ৩০। বর্তমানে আরও ১০ জন কম হলেও হয়।
ফাজিল (পাস) মাদ্রাসা ও কামিল মাদ্রাসায় পাসের হার হতে হবে ৬০ শতাংশ। বর্তমানে পাসের হার লাগে ৫০ শতাংশ।
নতুন পদ বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, প্রতিটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পদ বাড়বে সাতটি। এই স্তরে বর্তমানে অনুমোদিত পদ আছে নয়টি। প্রস্তাবিত নির্দেশনায় সেখানে ১৬টি পদ রাখা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাব করা হয়েছে ২২টি পদে। এখন আছে ১৬ টি। মাদ্রাসাতেও বাড়বে পদ।
বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা আছে প্রায় ২৬ হাজারেরও বেশি। এরমধ্যে গত নভেম্বরের হিসেব অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে তিন হাজার ৩২৬ টি, উচ্চবিদ্যালয় আছে ১২ হাজার ৭৭৩ টি, দাখিল মাদ্রাসা আছে পাঁচ হাজার ৩৭১ টি, আলিম মাদ্রাসা আছে এক হাজার ১০৮টি ও মহাবিদ্যালয় (ইন্টারমিডিয়েট) আছে এক হাজার ৪৩৫ টি। বাকিগুলো ডিগ্রি কলেজ, ফাজিল ও কামিল মাদ্রাসা।
বিদ্যমান জনবল কাঠামো অনুযায়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান বিষয়ে একটি করে শিক্ষকের পদ আছে। প্রস্তাবিত কাঠামোতে প্রতিটি বিষয়ে একটি করে মোট তিনটি শিক্ষকের পদ সৃষ্টি করতে বলা হয়েছে। অর্থাৎ দুটি পদ বাড়ছে।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান/ব্যবসায় শিক্ষা বিষয়ের জন্য তিনটি শিক্ষকের পদ আছে। প্রস্তাবিত কাঠামোয় ব্যবসায় শিক্ষা চালু থাকলে ওই বিষয়ে আরও একটি পদ সৃষ্টি করতে বলা হয়েছে। এই স্তরে বিজ্ঞানে সহকারী শিক্ষকের পদ আছে একটি, সেখানে ভৌত বিজ্ঞানের জন্য একটি ও জীববিজ্ঞানের জন্য আরেকটি পদ সৃষ্টি করা হচ্ছে। খসড়া অনুযায়ী প্রতি স্কুল, কলেজ ও মাদ্রাসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি শিক্ষকের পদ সৃষ্টি করতে বলা হয়েছে। এমনিভাবে বিভিন্ন পর্যায়ে নতুন নতুন পদ সৃষ্টি করা হচ্ছে।