শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান পুলিশের
হরতাল-অবরোধে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগরের পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। আজ সোমবার বেলা ১১টার দিকে নগর পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ ছাড়া নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ায় চারজনকে নগদ অর্থ পুরস্কার দেন তিনি।
সংবাদ সম্মেলনে আবদুল জলিল মণ্ডল বলেন, ‘আজ থেকে নগরের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। হরতাল-অবরোধে নগরের বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খোলা রাখা হোক। চট্টগ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। নগরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি নেই।’ নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ায় নগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানান, ৬ জানুয়ারি ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ শুরু হওয়ার পর থেকে নগরের ১৬ থানায় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নাশকতার অভিযোগে ৭৮টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি ১ হাজার ৮৭৮ জন। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৪৭৩ জনকে। এঁদের মধ্যে ১০ আসামি বোমা হামলার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নাশকতায় জড়িত ব্যক্তি, অর্থের জোগানদাতা ও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চারজনকে পুরস্কার
নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ায় আজ সংবাদ সম্মেলন শেষে চারজনকে পুরস্কৃত করেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
এ চারজন হলেন নগরের খুলশী থানা এলাকার মোস্তফা আমির (৩৫), আবদুল মান্নান (৩৮), শহীদুল ইসলাম (২৮) ও মো. নাসিম (৫২)। এঁরা সবাই নিজেদের আওয়ামী লীগের সমর্থক বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন।
প্রত্যেককে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা দেওয়া হয়। পরে তাঁরা টাকাগুলো বোমা হামলায় আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিদের দেওয়ার ঘোষণা দেন।
পুলিশ কমিশনার পুরস্কার পাওয়া চারজনকে ‘বীরযোদ্ধা’ আখ্যা দিয়ে বলেন, ‘দেশে এখন যুদ্ধ চলছে। একপক্ষ জাতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। আরেক পক্ষ দেশ জাতির পক্ষে যুদ্ধে নেমেছে। আমরা জাতির পক্ষে যারা যুদ্ধ করেছে, তাদের পুরস্কৃত করছি। পর্যায়ক্রমে নগরের বন্দর ও কোতোয়ালি থানা এলাকায় নাশকতাকারীদের ধরিয়ে দেওয়া বীরদের পুরস্কৃত করা হবে। ’
নাশকতাকারীদের ধরিয়ে দেওয়া চারজনই আওয়ামী লীগের সমর্থক কেন—জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নাশকতাকারীদের ধরিয়ে দিতে পাড়া-মহল্লায় জনগণকে উদ্বুদ্ধ করেছি। যাঁরা সচেতন, দেশকে ভালোবাসেন, তাঁরাই এগিয়ে এসেছেন। তাঁরা কোন দলের, তা দেখার বিষয় নয়।’