শিক্ষাপ্রতিষ্ঠান চালাচ্ছেন সাংসদের প্রতিনিধিরাই
রাজশাহীর বাগমারায় অর্ধশত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান স্থানীয় সাংসদের মনোনীত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড পরিচালনাসহ বেতন-ভাতার বিলে প্রতিস্বাক্ষর করছেন। স্থানীয় প্রশাসন এ অভিযোগ স্বীকার করলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর ১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা-সংক্রান্ত এক পরিপত্র জারি করে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব কাউসার নাসরীন স্বাক্ষরিত ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সাংসদ ও তাঁর মনোনীত ব্যক্তিরা প্রতিষ্ঠানের সভাপতি থাকলে নির্বাচনের আগ পর্যন্ত তাঁরা কোনো কাজে জড়িত থাকতে পারবেন না। এমনকি শিক্ষক-কর্মচারীদের বেতন-বিলেও প্রতিস্বাক্ষর করতে পারবেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার স্নাতক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি এ পরিপত্র মানলেও মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান তা মানেনি। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠান সাংসদের ডিও লেটারের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছে। চলতি মাসের ১৯ তারিখ সাংসদের মনোনীত অনেকেই গত নভেম্বর মাসের বেতন-বিলে প্রতিস্বাক্ষর করেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষক ডি এম জিয়াউর রহমান জানান, নিজেদের স্বার্থ হাসিল করতে ও দুর্নীতি ঢাকতে সাংসদের মনোনীত ব্যক্তিরা এখনো লোভনীয় পদ ছাড়ছেন না। নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে ওই পরিপত্র জারি করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বাগমারায় এমপিওভুক্ত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সরকারি পরিপত্র জারির পর ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান সাংসদের মনোনীত ব্যক্তিদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। তবে এখনো ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান সাংসদের মনোনীত ব্যক্তিদের দিয়েই পরিচালিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, তাঁরা প্রজ্ঞাপন পাওয়ার পর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিপত্রসহ এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
ইউএনও সাদেকুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।