প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধের নামে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে সভ্যতাবিনাসী অপকর্ম চালিয়েছে। এ দেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাসে এ রকম জঘন্য নজির এই প্রথম। মন্ত্রী গতকাল মঙ্গলবার ঢাকা মহানগরের দক্ষিণখানে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ফায়েদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, নির্বাচনী সহিংসতায় সারা দেশে ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮২টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদ্রাসা ও নয়টি কলেজ—সব মিলিয়ে ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। তথ্য পাওয়ার পর শিগগির এসব শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত, সংস্কার বা নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা। বিএনপির সহযোগিতায় স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে আন্দোলনের আড়ালে সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি প্রমুখ।