শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, অফিস অবরোধমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, দোকানপাট অবরোধের আওতায় পড়বে না। শুধু রাজপথ, রেলপথ ও নৌপথে যান চলাচল অবরোধের আওতায় থাকবে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের আওতা নিয়ে অস্পষ্টতা দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার বিএনপি নেতারা বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন।
গতকাল দিনভর নানা আলোচনায় ওঠে আসে অবরোধের আওতার বিষয়টি, বিশেষ করে দেশজুড়ে বার্ষিক পরীক্ষা চলায় ঘরে ঘরে এ নিয়ে বিভ্রান্তি ছিল। অনেকে গণমাধ্যমের কার্যালয়গুলোতে টেলিফোন করে হরতাল ও অবরোধের পার্থক্য জানতে চান। অবরোধে কী কী ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবে, তা স্পষ্ট জানতে চান তাঁরা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথম আলোকে বলেন, হরতাল ও অবরোধের মধ্যে প্রধান পার্থক্য হলো হরতালের সবকিছু বন্ধ রাখা হয়। যেমন শিক্ষাপ্রতিষ্ঠান, যান চলাচল, দোকাপাট, অফিস, আদালত—সব। কিন্তু অবরোধে শুধু যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। অর্থাৎ সড়ক অবরোধ হলে ওই সড়কে যান চলাচল করতে পারবে না। একইভাবে রেল ও নৌপথেও যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
এর আগে গত বছরের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। তখন কেবল ঢাকার প্রবেশপথগুলোতে অবরোধ ডাকা হয় এবং ঢাকা শহরের বাইরে সড়কপথগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ওই অবরোধে ঢাকা শহরের ভেতরে যান চলাচলে বাধা ছিল না।
তবে সাধারণ মানুষের মধ্যে রাজপথের সংজ্ঞা নিয়েও বিভ্রান্তি আছে বলে দেখা গেছে। তাঁরা মনে করছেন, রাজপথ বলতে মহাসড়ক বোঝানো হয়। শহরের ভেতরের সড়ক বন্ধ থাকবে কেন? এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, তাঁদের অবরোধে সড়কপথ বলতে সব ধরনের সড়কপথকেই বোঝানো হয়েছে, শুধু মহাসড়ক নয়।
নগরবাসীর অনেকের প্রশ্ন ছিল, এই অবরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত, দোকানপাট বন্ধ থাকবে কি না? এ ব্যাপারে বিএনপি নেতারা বলেছেন, এগুলো খোলা রাখতে কোনো অসুবিধা নেই। এসবের ওপর অবরোধ কাজ করবে না।
আলাপকালে বিএনপির এক নেতা বলেছেন, এগুলোর ওপর অবরোধ কার্যকর হবে না এটা ঠিক; তবে এসব জায়গায় পৌঁছাতে হলে তো সড়ক, রেল বা নৌপথে যেতে হবে। তাই অবরোধ সফল হলে প্রকারান্তরে এগুলোও চালু রাখা কঠিন হবে।
এ ছাড়া সংবাদপত্রবাহী ও গণমাধ্যমকর্মীদের ব্যবহূত গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এটি দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে জানানো হয়েছে। এ ধরনের যান চলাচলে কোনো বাধা নেই।