বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা দরকার। এ ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সদস্য ছাড়া অন্যদের শিক্ষাগত যোগ্যতা বিদ্যালয় হলে কমপক্ষে মাধ্যমিক ও কলেজ হলে ডিগ্রি পাস হওয়া উচিত। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পরিষদ: অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।তবে আলোচনায় উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ প্রস্তাবের সঙ্গে একমত হননি। তিনি বলেন, ‘আমি মনে করি, ডিগ্রিধারী হলেই ভালো হবে, এটা ঠিক নয়। একজন কৃষক কিন্তু ঘুষ খান না। এ ছাড়া প্রত্যন্ত এলাকায় ডিগ্রিধারী নেই—এমন লোকও শিক্ষানুরাগী হতে পারেন। তাই বিষয়টি নিয়ে একতরফাভাবে চিন্তা করলে হবে না। সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। হয়তো ভিকারুননিসা নূন স্কুল, আইডিয়াল স্কুলসহ শহরের প্রতিষ্ঠানে এটা হতে পারে।’ আলোচনায় শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা পরিচালনা পরিষদসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা করেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে অনেকে পরিচালনা কমিটিতে যেতে চান। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় দৃষ্টিভঙ্গি হতে হবে দলনিরপেক্ষ। কারণ, স্কুল-কলেজে বিশেষ কোনো দলের নয়, সবার সন্তান লেখাপড়া করে। তারা বড় হয়ে যে যার মতো দল করবে অথবা করবে না। স্বার্থের ঊর্ধ্বে উঠে স্কুল-কলেজের স্বার্থকে সামনে রাখতে হবে। সভাপতির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ২০০৯ সালে প্রণীত বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদ গঠন প্রবিধানমালা পর্যালোচনা করার সময় এসেছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্থানীয় পর্যায়ের অংশীদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, প্রতিষ্ঠাতা সদস্য ছাড়া বাকি সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিদ্যালয় হলে কমপক্ষে মাধ্যমিক ও কলেজ হলে ডিগ্রি পাস থাকা দরকার। এ সময় কমিটি গঠনে সাংসদদের অযাচিত হস্তক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সভায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম ভর্তিতে চাপের কথা উল্লেখ করে বলেন, ভর্তির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করে কেউ যাতে সেটা লঙ্ঘন না করে, তার ব্যবস্থা করতে হবে। যোগ্য শিক্ষক নিয়োগের বিষয়টিও নিশ্চিত করতে হবে। পরিচালনা কমিটির নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়, সেটাও বন্ধ করতে হবে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, অনেক সদস্য না জেনে সভায় অযৌক্তিক কথা বলেন। তাঁদের জন্য যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকত, তা হলে ভালো হতো। পরিচালনা কমিটিতে সভাপতি সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের শাস্তি দেওয়া হয়। তাই কোন পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা দেখা দরকার। মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন পরিচালনা কমিটির কথা উল্লেখ করে বলেন, নজরদারি ভালো; তবে সেটা মাত্রা ছাড়িয়ে খবরদারি হলেই সমস্যা। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব নাইমুল আজম খান। এতে আরও বক্তব্য দেন সাংসদ শাহ আলম, জিয়াউর রহমান, কাজী ফারুক কাদের, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আতাউর রহমান, শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ, আজিজুল ইসলাম প্রমুখ।