শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে নতুন নিয়ম চালু
এখন থেকে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন হবে নতুন নিয়মে। শিক্ষাবর্ষের শেষে নির্ধারিত সময়ে একই ধরনের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা একে অন্যের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। নতুন এই নিয়মের নাম দেওয়া হয়েছে ‘পিয়ার ইন্সপেকশন’।
গতকাল রোববার বেলা ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই নিয়মের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বর্তমানে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা সারা দেশে গিয়ে এই পরিদর্শন ও নিরীক্ষা করেন। এতে জনবলের অভাবে প্রতিবছর সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া অধিদপ্তরের অনেক কর্মকর্তার বিরুদ্ধে পরিদর্শনের সময় ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সূত্রমতে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম প্রতিবছর পরিদর্শনের আওতায় আনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-নির্ভর যুগোপযোগী শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ নিয়ম চালু করা হয়েছে। এই পদ্ধতিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তৈরি করা ফরমে (ওয়েবসাইটে দেওয়া) পরিদর্শন করবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা। উপজেলাভিত্তিক একই ধরনের প্রতিষ্ঠানের প্রধানেরা চক্রাকারে পরিদর্শন করবেন। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল ইনস্টিটিউটকে প্রতিবছর ১ থেকে ২০ জানুয়ারি এবং কলেজ, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাকে ১ থেকে ২০ জুলাইয়ের মধ্যে পরিদর্শন করে মূল্যায়ন প্রতিবেদন তৈরি করতে হবে।