শিক্ষাপ্রতিষ্ঠান ফেলে প্রচারণায়
বরগুনার বেতাগী উপজেলায় গত শনিবার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর জনসভায় যোগদানের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২৩ মার্চ বেতাগী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১১টায় বেতাগী উপজেলার ছোপখালী বাঁধঘাট এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এ বি এম গোলাম কবিরের সমর্থনে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান। এ উপলক্ষে ছোপখালী মাধ্যমিক বিদ্যালয়, জহুর উদ্দীন কামিল মাদ্রাসা ও দক্ষিণ ছোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনমারি চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ছোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর ছোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষার্থীদের নিয়ে জনসভায় যোগদান করেন শিক্ষকেরা।
অভিযোগ আছে, জনসভায় লোকসমাগম বাড়ানোর জন্য আগে থেকেই আওয়ামী লীগের স্থানীয় নেতারা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মৌখিকভাবে প্রতিষ্ঠান ছুটি দিয়ে জনসভায় যোগদানের জন্য নির্দেশ দেন।
এলাকার কয়েকজন অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন, চারটি প্রাথমিক বিদ্যালয় ছুটি দিয়ে তীব্র রোদের মধ্যে শিশুদের দু-তিন কিলোমিটার পথ হাঁটিয়ে জনসভায় নিয়ে যাওয়া হয়। এটাকে তাঁরা শিশুদের সঙ্গে অমানবিক আচরণ বলে মন্তব্য করেন। জনসভায় যোগ দিয়েছেন এমন কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইনসম্মত নয় জেনেও চাকরি রক্ষার্থে তাঁরা প্রতিষ্ঠান ছুটি দিয়ে সভায় যোগ দিয়েছেন।
ছোপখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়টি সত্য নয়। তবে শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় সাংসদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সভাস্থলে গিয়েছিল। ছোপখালী জহুর উদ্দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, মাদ্রাসা ছুটি দেওয়া হয়নি। কিন্তু সভাটি প্রতিষ্ঠানের খুব কাছাকাছি অনুষ্ঠিত হওয়ায় সম্মান রক্ষার জন্য সভাস্থলে অংশগ্রহণ করা হয়।
এদিকে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান কবির বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যবহার করা হচ্ছে। অনেক শিক্ষক চাকরির ভয়ে এটা করতে বাধ্য হচ্ছেন। আবার বেতাগী ডিগ্রি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সরকারি দল মনোনীত প্রার্থীর পক্ষে স্বপ্রণোদিত হয়ে কাজ করছেন। এঁরা যদি নির্বাচনী দায়িত্বে থাকেন তবে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হবে। এ জন্য আমি ইউএনওর কাছে এসব দলীয় শিক্ষকদের নির্বাচনী কাজে দায়িত্ব না দেওয়ার জন্য লিখিত আবেদন করেছি।’
বেতাগী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জানামতে কোনো শিক্ষক সরাসরি নির্বাচনী প্রচারে অংশ নেননি।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক খান বলেন, ‘ওখানে একটি পথসভায় এমপি সাহেব এসেছিলেন। তাই আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এমপি সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চলে গেছেন। আমরা কাউকে আসতে বলিনি। আর কোনো শিক্ষার্থী এসেছে কি না সেটা আমার জানা নেই।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে, নির্বাচনের আগে অনেক শিক্ষক সভা-সমাবেশে যোগ দেওয়ার জন্য আমার কাছে ছুটি চেয়েছেন। তবে আমি দিইনি।’