শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্কুল ও কলেজ বন্ধ। তবু কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল সোমবার সকাল থেকেই সড়কে এসে দাঁড়ায়। আইসিসির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) সংবর্ধনা দেয়।আওয়ামী লীগের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, দলীয় সাংসদ মুস্তফা কামালকে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার আটটি ইউনিয়নে সংবর্ধনা দেওয়া হয়। বাগমারা উত্তর ও দক্ষিণ, ভুলইন উত্তর ও দক্ষিণ, বেলঘর উত্তর ও দক্ষিণ এবং পেরুল উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ২০টি স্থানে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টার দিকে বাগমারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাংসদকে বরণ করে। ওই সময়ে তাদের সঙ্গে যোগ দেয় বাগমারা বালিকা উচ্চবিদ্যালয় ও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া দুপুরে ছোট শরীফপুর ডিগ্রি কলেজ ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংসদকে বরণ করে। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন সাংসদের সহোদর সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ। আহ্বায়ক সাইফুদ্দিন বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে সাংসদ কিংবা দলের পক্ষ থেকে সড়কে এসে অবস্থান নেওয়ার জন্য বলা হয়নি। নিজ উদ্যোগেই কেউ কেউ এসেছে। ২০ অক্টোবর নাঙ্গলকোটে সংবর্ধনা নিতে গেলে ওই নির্বাচনী এলাকার জনসাধারণের তোপের মুখে পড়েন সাংসদ। গতকাল কড়া পুলিশি নিরাপত্তা ছিল।