দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি অভিযোগ তুলেছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভবনের দেয়াল, মেঝে, ছাদ ইত্যাদি ফেটে যায়। গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি অলি আহমদ প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন প্রকল্পের আওতায় নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠানের কাজের গুণগত মান হতাশাজনক। এ জন্য আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের নকশা আধুনিকায়নের কথা বলেছি। কারণ, ডিজিটাল যুগে আঠারো শতকের নকশা চলতে পারে না।’জানা গেছে, বর্তমান সরকার যে ১১টি স্কুল ও ছয়টি কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। কমিটি দেশের যেসব এলাকায় স্কুল ও কলেজ নেই, সেসব এলাকা চিহ্নিত করে ওই সব স্থানে স্কুল-কলেজ নির্মাণের সুপারিশ করেছে।সভায় কমিটির সদস্য হামিদা বানু, রেজা আলী, আজিজুল হক চৌধুরী ও আ ন ম শামশুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।