শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত শিক্ষা কার্যক্রম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত শিক্ষা কার্যক্রম নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তাঁর মতে, দেশে এখন পরীক্ষাসর্বস্ব শিক্ষাব্যবস্থা চলছে। শিক্ষা আর পরীক্ষার ফলকে এক করে ফেলা হয়েছে।
‘জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং শিক্ষা আইন ২০১৬’ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে আবুল কাসেম ফজলুল হক এসব কথা বলেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ভাবনা নামের একটি সংগঠন আয়োজিত এই বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন তিনি।
আবুল কাসেম ফজলুল হক বলেন, শিক্ষাব্যবস্থা সম্পর্কে সংবিধানে কিছু কথা লেখা আছে। কোনো সরকারই সেগুলো মানছে না। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এখন চৌদ্দ ভাগে বিভক্ত। এটা সংবিধান ও রাষ্ট্রের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। তিনি বলেন, আট বছর ধরে মাদ্রাসাশিক্ষার আধুনিকায়নে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে মূলধারার প্রতি উদাসীনতা শিক্ষাব্যবস্থাকে জটিল করে তুলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নানা ধারা, উপধারায় এমনভাবে বিভক্ত যে তা জাতি ও রাষ্ট্র গঠনের সম্পূর্ণ পরিপন্থী। কথিত সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ, জ্ঞানবিমুখ করছে।
কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার অবস্থাও ভালো নয় বলে মনে করেন আবুল কাসেম।
বাংলা মাধ্যম ও বাংলা ভাষাকে শিক্ষায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে ১০ দফা সুপারিশ করেন এই অধ্যাপক। এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত রাখা, পঞ্চম ও অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা বাতিল করা, সৃজনশীল পরীক্ষাপদ্ধতি পরিবর্তন করে এমন পদ্ধতি প্রবর্তন করতে হবে, যা শিক্ষার্থীদের মনে পাঠানুরাগ, জ্ঞানস্পৃহা তৈরি করবে। এ ছাড়া ইংলিশ ভার্সন বিলুপ্ত, প্রাথমিক-মাধ্যমিক পর্যায়ে বাংলা ভাষা শেখার ব্যবস্থাকে উন্নত করা এবং শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করা।
বৈঠকে সভাপতিত্ব করেন নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান। আরও বক্তব্য দেন নাগরিক ভাবনার উপদেষ্টা প্রকৌশলী ইনামুল হক, রাজীব শেখ, রাজনীতিবিদ দেলওয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মুক্তিযোদ্ধা মোতাসিম বিল্লাহ প্রমুখ।