শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা স্থগিতের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। এ বিদ্যালয়ের মাঠে বছর খানেকেরও বেশি গরুর হাট বসে আসছিল। তাই প্রতি বুধবার বেলা ১১টায় ছুটি দিয়ে দেওয়া হতো শিক্ষার্থীদের।
এর আগে গত ২৫ অক্টোবর জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আতাউর রহমানকে হাট বন্ধে এবং গত বুধবার পুরো সময় পাঠদানের ব্যবস্থা নিতে জরুরি চিঠি দিয়েছিলেন। এ নিয়ে গত ২ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘বিদ্যালয় মাঠে গরুর হাট, বুধবার বেলা ১১টায় ছুটি’ শিরোনামে ও গত ১ নভেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে
একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
তারপরও হাট বন্ধ না হওয়ায় লালমনিরহাট জেলা শিক্ষা কার্যালয় থেকে গত ৮ নভেম্বর আরেকটি চিঠি দেওয়া হয় প্রধান শিক্ষককে। এ পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক হাটটি সরাতে দুই মাসের সময় চেয়ে আবেদন করেন।
কিন্তু আবেদন খারিজ করে বিদ্যালয়টির শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতা স্থগিতের সিদ্ধান্ত নেয় জেলা শিক্ষা কার্যালয়।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, বিদ্যালয়ের কিছু আর্থিক সুবিধার অজুহাতে যদি এক দিনের জন্যও কোনো বিদ্যালয় মাঠে হাট বসানোর অনুমতি দেওয়া হয়, তবে তা একটি খারাপ নজির হবে।
শিক্ষা কর্মকর্তা আরও বলেন, এ দিকটি বিবেচনা করে এবং স্থানীয় সাংসদ আবু সালেহ মো. সাঈদের নির্দেশনার আলোকে গত ১৫ ডিসেম্বর এক চিঠিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীর মাসিক বেতন-ভাতা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বড়বাড়ীহাট সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক এরশাদুল হক বলেন, ‘জেলা শিক্ষা কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি পেয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক আতাউর রহমানকে সমস্যাটি সমাধান করতে বলেছি।’
প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তেই ১৩-১৪ মাস যাবৎ প্রতি বুধবার গরুর হাটটি বসছে। তিনি বলেন, কাল ১৩ জানুয়ারি বুধবার গরুর হাটটি অন্য কোথাও বসবে। এতে আবার বুধবার পুরো সময় পাঠদান সম্ভব হবে।