শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ বিশিষ্টজনদের
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ২৪ বিশিষ্ট ব্যক্তি।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বিশিষ্টজনেরা বলেন, এমনিতেই বিগত কিছুদিনের রাজনৈতিক সহিংসতায় প্রাথমিক, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাসহ চলমান শিক্ষা কার্যক্রমের ব্যাপক ক্ষতি হয়েছে। তার ওপর নতুন শ্রেণীতে ভর্তি ও নতুন বই পাওয়ার সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কার্যক্রম শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন-সংগ্রাম স্বীকৃত পন্থা। কিন্তু সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এ ধরনের কার্যকলাপ মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশিষ্টজনেরা ধ্বংসাত্মক কার্যকলাপের নিন্দা ও অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধের দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সব নাগরিকের মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের ব্যর্থতাও মোটেই গ্রহণযোগ্য নয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাস প্রতিরোধে কার্যকর ভূমিকা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বলা হয়। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে রাখার আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, রাশেদা কে চৌধূরী, সৈয়দ আবুল মকসুদ, বদিউল আলম মজুমদার, শাহীন আনাম, অ্যারোমা দত্ত, এম এম আকাশ, মনজুর আহমেদ, খুশী কবীর, মেসবাহ কামাল, ইফতেখারুজ্জামান, শফি আহমেদ, ফারাহ কবীর, সৈয়দা রিজওয়ানা হাসান, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, ইলিয়াস কাঞ্চন, ইনাম আল-হক, মুসা ইব্রাহীম, নিশাত মজুমদার, এজাজুল ইসলাম ও এম এ মুহিত।